২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনি কাজে সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবহার, জরিমানা গুনলেন ইউপি চেয়ারম্যান

একই প্রার্থীর পক্ষে সভা ডেকে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে রায়পুরের উত্তর চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 01:41 PM

Updated : 04 Dec 2023, 01:41 PM

লক্ষ্মীপুরে সরকারি অ্যাম্বুলেন্সে চড়ে নৌকার প্রার্থীর সঙ্গে দেখা করতে যাওয়ায় এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরের ইউএনও অঞ্জন দাশ জানান, অভিযোগ পেয়ে গত রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজীকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট এলাকার মানুষের জন্য ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে সরকারিভাবে ‘স্বপ্নযাত্রা’ নামে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়।

গত রোববার সন্ধ্যায় ইউপির চেয়ারম্যান মিন্টু লোকজন নিয়ে ওই অ্যাম্বুলেন্সে চড়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের বাসায় যান।

ইউএনও অঞ্জন দাশ বলেন, অ্যাম্বুলেন্স রোগীদের সেবার জন্য দেওয়া হয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজী নির্বাচনি কাজে এটি ব্যবহার করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৩ সপ্তাহ পূর্বে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা করেও তিনি (মিন্টু ফরায়েজী) বিধি লঙ্ঘন করেছেন। ফলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউপি চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী বলেন, “আমি একটু অসুস্থ। তাই দুজন মেম্বারকে (ইউপি সদস্য) নিয়ে ওই অ্যাম্বুলেন্সে করে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে লক্ষ্মীপুর গিয়েছি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের কথা জানান।”

সোমবার সকালে এ জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে, একই প্রার্থীর পক্ষে গত শনিবার বিকালে সভা ডেকে আচরণবিধি লঙ্ঘন করেন রায়পুরের উত্তর চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ সোহেল।

এতে একইদিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।