জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।
জয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ড পাওয়ারা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষণপুর গ্রামের মমিনুল ইসলাম, বিরামপুর উপজেলার চাপড়া বাজারের সুজন সরকার ও নওগাঁর ধামইরহাট উপজেলার রূপ নারয়নপুর গ্রামের জাহাঙ্গীর আলম। আসামিরা জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
পিপি নৃপেন্দ্রনাথ জানান, ২০২০ সালের ৫ জুলাই রাতে জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল ও সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে ২০২২ সালের ২৮ এপ্রিল পাঁচবিবি উপজেলার খাসবাড়ি এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব।
এসব ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয় বলে জানান পিপি।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ জানান।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
