২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে যুবকের ভাঙচুর, এসআই আহত

পুলিশ জানায়, ওই যুবক অন্তত ১০টি কক্ষের জানালার ৩১টি থাই গ্লাস ও দরজা ভাঙচুর করেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে যুবকের ভাঙচুর, এসআই আহত

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙচুর করা জানালা

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 03:49 PM

Updated : 08 Jul 2023, 03:49 PM

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তাকে আটকাতে গিয়ে পুলিশের এক এসআই আহত হয়েছেন। পরে ওই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান।

আটক নাসির উদ্দিন (২৮) হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধর গ্রামের প্রয়াত আব্দুল লতিফের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।

আহত মামুনুর রশিদ ঠাকুরগাঁও সদর থানার এসআই।

পুলিশ সুপার জাহাঙ্গীর বলেন, “সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কেঁচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নাসির। এরপর বেলচা হাতে কার্যালয়ের বিভিন্ন কক্ষের থাইগ্লাস ভাঙচুর করতে থাকেন তিনি।

“মাত্র দশ মিনিটের মধ্যে তিনি জেলা প্রশাসকের কক্ষ, সভাকক্ষ, মুক্তিযোদ্ধা কর্নার, অভ্যর্থনা, অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষ, প্রশাসনিক কর্মকর্তার কক্ষসহ অন্তত ১০টি কক্ষের জানালার ৩১টি থাই গ্লাস ও দরজা ভাঙচুর করেন। এছাড়া নেজামর শাখার প্রিন্টার মেশিন ও চেয়ার ভাঙচুর করেন নাসির।

“এ সময় জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় বাধা দিতে গেলে তাকেও মারপিটের চেষ্টা করেন নাসির। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই মামুনুর রশিদ তাকে আটকাতে গেলে তিনিও আহত হন। পরে স্থানীয় জনগণ ও পুলিশ নাসিরকে আটক করে।”

ঠাকুরগাঁও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় ১০টি কক্ষের গ্লাস ভাংচুর করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত ঘটনা।”

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবর রহমান বলেন, “এটা অত্যান্ত খারাপ কাজ। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির কারাগারে যাওয়ার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে ভাঙচুর চালায় বলে পুলিশকে জানায়। তবে কেন তিনি কারাগারে যেতে চান সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিষয়টি তদন্ত করা হচ্ছে; পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ সুপার জাহাঙ্গীর।