চাঁদপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে কিশোর আটক
মা বলেন, যারা আমার বুক খালি করেছে, তাদের বিচার চাই।
চাঁদপুরের শাহরাস্তিতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে ওই কিশোরকে আটক করা হয় বলে শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান জানান। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী (৮)। সে বাড়ির পাশের ব্র্যাক স্কুলেও পড়তো।
গত রোববার বিকালে স্কুল শেষে খেলতে যায় শিশুটি। সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে ওই কিশোরের দেখিয়ে দেওয়া একটি ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।
খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।
ওসি আবদুল মান্নান জানান, আটক কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখার কথা স্বীকার করে।
শিশুটির মা বলেন, “যারা আমার বুক খালি করেছে আমি তাদের বিচার চাই।”
