২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আখেরি মোনাজাতে শেষ হলো ৩ দিনের ইজতেমা

বৃহস্পতিবার দুপুরে ধরলা সেতুর পূর্বপাড়ে এই ইজতেমা শুরু হয়েছিল।

কুড়িগ্রামে আখেরি মোনাজাতে শেষ হলো ৩ দিনের ইজতেমা

ফজলুল করীম রহ. জামিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে ইজতেমায় আগত মুসল্লীরা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 01:58 PM

Updated : 25 Dec 2022, 01:58 PM

কুড়িগ্রামে আখেরি মোনাজাতে বিশ্বের নিপীড়িত সব মুসলমানের জন্য মাগফেরাত কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিন ব্যাপী ইজতেমা।

রোববার সকাল ৯টায় ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম রহ. জামিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মোজাহিদ কমিটির আয়োজিত এই ইজতেমায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মোনাজাতের আগে চরমোনাই পীর বলেন, “জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে না, আল্লাহ তা’আলাই সকল ক্ষমতার উৎস। এই বিশ্বাস সকল মুসলিমকেই লালন করতে হবে। সকল ইবাদতেই নিয়তের পরিশুদ্ধতা না থাকলে ইবাদত কবুল হবে না।”

মোনাজাতে তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লী, সাংবাদিক, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সদস্য, এলাকাবাসীসহ নিপীড়িত বিশ্বের সব মুসলমানের জন্য মাগফেরাত কামনা করেন।

নাগেশ্বরী উপজেলা থেকে আসা মুসল্লী হাফিজুর রহমান বলেন, “আমি গত বৃহস্পতিবার ইজতেমায় উপস্থিত হয়েছি। মনে খুব শান্তি পাইছি। লাখো মানুষের সমাগম হয়েছে। ১০ বছর ধরে আমি নিয়মিত আসি এ ইজতেমায়।

“রোববার আখেরি মোনাজাত শেষে ফিরছি। আল্লাহর সন্তুষ্টি আদায় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিশ্বের সকল মুসলমানদের কল্যাণে মোনাজাত করা হয়।”

পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, “লাখো মানুষের সুশৃঙ্খল পরিবেশে ফজরের নামাজ পড়লাম। মনে অনেক শান্তি। পরে আখেরী মোনাজাতে অংশ নেই।”

গত বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া এই ইজতেমায় বয়ানে ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, নও মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী রেজাউল করীম আবরার, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির সদর জয়নুল আবেদীন প্রমুখ।