২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ার ঘাটে ফেরি বসে থাকছে গাড়ির অপেক্ষায়

দীর্ঘ সময় যাত্রী ও যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ফেরি।

দৌলতদিয়ার ঘাটে ফেরি বসে থাকছে গাড়ির অপেক্ষায়

দৌলতদিয়া ফেরি ঘাটে নেই মানুষের হাকডাক। নেই যানজট বা ভোগান্তি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 10:31 AM

Updated : 25 Apr 2023, 10:31 AM

এক সময় দৌলতদিয়ার ঘাটে যানবাহনের দীর্ঘ সারি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতো ফেরির, ঈদের আগে পরে সেই ভোগান্তি বাড়ত কয়েকগুণ। কিন্তু এবারের ঈদ শেষে ফেরিই বসে থাকতে হচ্ছে গাড়ির অপেক্ষায়। 

মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তবে ঘাট এলাকা একদম ফাঁকা। নেই মানুষের হাকডাক। নেই যানজট, নেই ভোগান্তি।

পদ্মা সেতু চালুর পর থেকে জৌলুস হারিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত থাকা দৌলতদিয়া ফেরি ঘাট। এখন আর ঘাট এলাকায় নেই যাত্রী ও যানবাহনের চাপ। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরছে মানুষ। তবে ঘাট এলাকায় এখনো যানবাহন ও যাত্রীর চাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে। তবে ভোগান্তিতে পড়তে হবে না ফেরি ঘাটে এসে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। 

Image

ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠতে পারছে গাড়িগুলো।

তিনি বলেন, “সত্যি বলতে দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের কোনো চাপ নেই, কোনো ভোগান্তি নেই। ফেরি বসে থাকছে গাড়ির অপেক্ষায়। তারপরও দীর্ঘ সময় যাত্রী ও যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।” 

ফরিদপুর থেকে আসা মোটরসাইকেল আরোহী মাজেদ মোল্লা বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরছি। সড়কে কোনো ভোগান্তি নেই। ঘাটে এসে দেখি ঘাটও ফাঁকা। গাড়ির জন‍্য ফেরি বসে আছে।

রাজবাড়ী থেকে ছেড়ে আসা রাবেয়া পরিবহনের যাত্রী তানিয়া নাসরিন বলেন, “ঈদের আগে সড়ক ও ফেরি ঘাটে কোন ভোগান্তিতে পড়তে হয় নাই। ঈদ শেষে ফেরার পথেও কোনো ভোগান্তি নেই। ঘাটে আসা মাত্রই বাস ফেরিতে উঠেছে। সড়ক এবং ঘাট পরিস্থিতি ভালো থাকায় আমরা খুবই খুশি।”

যশোর থেকে আসা রাকিবুল ইসলাম বলেন, “পদ্মা সেতু চালুর পর থেকে চাপ কমেছে দৌলতদিয়া ঘাটে। ফেরি বসে থাকছে গাড়ির জন্য। ঈদের ছুটি শেষ হলেও তেমন যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় স্বস্তিতে পদ্মা পার হতে পারছি।” 

ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষসহ সবাইকে ভোগান্তি ছাড়া পদ্মা পাড়ি দিতে এই ঘাট ব‍্যবহারের  আহ্বান জানিয়েছেন ব‍্যবস্থাপক সালাহউদ্দিন।