নাটোরে কিশোরী ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন
২০০৫ সালে ওই কিশোরীকে অপহরণ করে বক্কর ও তার সহযোগী রান্টু।
নাটোরে ১৯ বছর আগের ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম দুই আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার হয়বতপুর এলাকার মো. আবু বক্কর (৫৯) এবং গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর উত্তরপাড়ার মো. রান্টু মিয়া (৩৯)।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, আসামি আবু বক্কর ওই কিশোরীর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসে। এক পর্যায়ে কিশোরীকে নানা ভাবে প্ররোচিত করতে থাকে আবু বক্কর।
২০০৫ সালের ২৫ মে দুপুরে বাড়িতে কেউ না থাকায় বক্কর তার সহযোগী রান্টু মিয়াকে নিয়ে ওই কিশোরীকে অপহরণ করে। এরপর বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।
কিশোরীকে না পেয়ে তার মামা বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা করেন। এরপর পুলিশ ওই কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. খায়রুল আলম ২০০৫ সালের ১৩ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
