২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

উভয় পক্ষের আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম ও দাগ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

ঠাকুরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 10:58 PM

Updated : 15 Aug 2023, 10:58 PM

ঠাকুরগাঁও শহরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছে; এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. ফিরোজ কবির।

আহতরা হলেন- পূর্ব গোয়ালপাড়া এলাকার আজিজুর রহমানের স্ত্রী বিউটি বেগম (৫৫), তার মেয়ে বৃষ্টি আক্তার (২৫), শেফালী বেগম (৪১), আশা (২৮), জেসমিন আক্তার (৫৪), তার ছেলে খায়রুল বাশার নান্টু (৩৮) ও রাশেদ হোসেন নান্নু।

আহত সাতজনের মধ্যে তিনজনকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি চারজনকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

হাসপাতালে চিকিৎসাধীন শেফালী বেগমের দাবি, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে প্রতিবেশি প্রয়াত নজরুল ইসলামের পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। দুপুরের দিকে নজরুল ইসলামের ছেলে খায়রুল বাশার নান্টু শেফালীদের বাড়ির পাশে খাস ক্ষেতের ওপর দিয়ে ডিজেলচালিত পাওয়ার টিলার চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে বাধা দেয়া হয়।

এর জের ধরে কথাকাটাকাটি থেকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে খায়রুল বাশার নান্টুসহ তার পরিবারের লোকজন শেফালীর পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লাঠি দিয়ে পেটায় বলেও অভিযোগ করেন তিনি।

পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাড়ির নারীর সদস্যদের আহত করা হয়েছে বলে অভিযোগ শেফালীর।

অন্যদিকে খায়রুল বাশার নান্টু বলেন, পাওয়ার টিলার চালিয়ে যাওয়ার সময় আজিজুর রহমানের পরিবারের লোকজন তাদের বাধা দেয়। তারা ধারালো ছোরা ও লাঠিসোটা দিয়ে তাদের বেধরক মারপিট করে।

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রকিবুল আলম চয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহত সাতজনের মধ্যে বিউটি বেগম, বৃষ্টি আক্তার ও আশার শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে। উভয় পক্ষের লোকজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছোড়ার জখম ও দাগ পাওয়া গেছে “

আজিজুর রহমান ও প্রয়াত নজরুল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে জানিয়ে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মানিক বলেন, “এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা দুই পক্ষকেই আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।”

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. ফিরোজ কবির জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।