টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির মামলায় গ্রেপ্তার ৪
বাস থেকে ১৩টি মোবাইল ফোন, একটি সোনার চেইনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুন্ঠন হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে টাঙ্গাইলের এসপি সরকার মোহাম্মদ কায়সার জানান।
গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার দলপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রতন (২১), মাইজবাড়ী গ্রামের জহু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৬), ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার খেরুয়া আলম গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া (২২)।
বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসপি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী মাদারগঞ্জ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসে সোমবার রাত দেড়টার দিকে ডাকাতি ঘটনা ঘটে।
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার মাতাবাড়ী জোড়াব্রিজ এলাকায় পৌঁছলে যাত্রীবেশি সাত/আট ডাকাত অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেন। পরে তারা যাত্রীদের টাকা ও সোনার গহনা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মধুপুর এলাকায় নেমে যান। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন।
এসপি আরও জানান, আরিফুর রহমান নামে ওই বাসের এক যাত্রী বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা করেন।
বাস থেকে তারা ১৩টি মোবাইল ফোন, একটি সোনার চেইনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুন্ঠন করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পরই মধুপুর থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) সমন্বয়ে একটি দল জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের চিহ্নিত করা হয়।
এসপি সরকার মোহাম্মদ কায়সার আরও জানান, বুধবার সকালে মো. রতনকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোনতলা গ্রাম থেকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত একটি মোবাইল ফোন ও ডাকাতিতে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুজন মিয়া ও আরিফ হোসেনকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলামকে দুপুর ১টার দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোট আটজন ওই ডাকাতিতে অংশ নেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।”
গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে বলে জানান এসপি সরকার মোহাম্মদ কায়সার।
