গাজীপুরে ‘বান্ধবীর সহযোগিতায় ধর্ষণের শিকার’ তরুণী, গ্রেপ্তার ৩
ধর্ষণের কথা কাউকে বললে হত্যার হুমকি দিয়ে ওই তরুণীকে ছাড়েন আসামিরা ।
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে এক তরুণী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে মামলা করেন বলে বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান।
শনিবার ভোরে অভিযান চালিয়ে তরুণীর বান্ধবী জুঁই আক্তার (১৮) সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবকেরা হলেন, মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার শাকিল আহমেদ (২৫) ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার রাকিবুল ইসলাম রাহুল (২০)।
ওসি মো. আবু সিদ্দিক মামলার নথির বরাতে জানান, ওই তরুণী গত বৃহস্পতিবার রাতে বাসন এলাকায় বান্ধবী জুঁই আক্তারে ভাড়া বাসায় বেড়াতে যান। পর জুঁই কৌশলে তাকে শাকিলের ভাড়া বাসার একটি কক্ষে নিয়ে দরজা আটকিয়ে দেন।
ওই কক্ষে আগে থেকে অবস্থান নেওয়া শাকিল তরুণীকে জোরে ধর্ষণ করেন। পরে শাকিলের বন্ধু রাহুল কক্ষে ঢুকে একই ঘটনা ঘটান।
বিষয়টি কাউকে বললে হত্যার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
মেয়েটি বাড়ি ফিরে তার মাকে জানায়। মা থানায় মামলা করেন।
ওসি আরও জানান, শনিবার ভোরে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার শিকার তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
