২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে কাশিমপুর কারাগারে বন্দিরা পেলেন পোশাক ও বিশেষ খাবার

বন্দিদের জন্য আলাদা আলাদা ঈদ জামাতের আয়োজন করা হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2024, 05:24 PM

Updated : 11 Apr 2024, 05:36 PM

ঈদ উপলক্ষে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নতুন পোশাক ও বিশেষ খাবার দেওয়া হয়েছে। সেইসঙ্গে বন্দিদের জন্য আলাদা আলাদা ঈদ জামাতের আয়োজন করা হয়।

এ ছাড়া ডে-কেয়ার সেন্টারে থাকা শিশুদের মধ্যে বিশেষ খাবারের পাশাপাশি নতুন জামা বিতরণ করে কারা কর্তৃপক্ষ।

ঈদের পরদিন বন্দিদের জন্য স্বজনদের রান্না করা খাবার ও সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। সে সময় কারাগারের প্রধান ফটকে স্বজনদের ব্যাগ ও খাবার তল্লাশি করে ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানান, তার কারাগারে প্রায় দুই হাজার ৩০০ বন্দি রয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৩৬ জন ফাঁসির এবং তিন শতাধিক যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি রয়েছেন।

ঈদের আগের দিন বন্দিদের লুঙ্গি দেওয়া হয়েছে; এ ছাড়া কারাগারে ঈদের নামাজের জন্য ২০টি জামাতের আয়োজন করা হয় বলে জানান তিনি।

বন্দিদের খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, সালাদ ও কোমল পানীয় এবং রাতে সাদা ভাত, রুই মাছ ও মুড়িঘন্ট রয়েছে বলে জানান জেল সুপার সুব্রত কুমার।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর সুপার মো. শাহজাহান আহমেদ জানান, তার কারাগারে এক হাজার ৩১৩ জন বন্দি রয়েছেন। এর মধ্যে শতাধিক ফাঁসি, অর্ধশতাধিক যাবজ্জীবনের আসামি রয়েছেন। এ কারাগারে বন্দিদের জন্য ঈদের তিনটি জামাতের আয়োজন করা হয়।

খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, সালাদ, পান সুপারি ও কোমল পানীয়। আর রাতে রয়েছে সাদা ভাত, আলুর দম, রুই মাছ ও মুড়িঘন্ট। এ ছাড়া ঈদের আগে অস্বচ্ছল বন্দিদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর সুপার মো. আমিরুল ইসলাম জানান, তার কারাগারে আড়াই হাজারের বেশি বন্দি রয়েছেন। তাদের মধ্যে শতাধিক ফাঁসি ও পাঁচ শতাধিক যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি রয়েছেন। কারাগারে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া সকালে বন্দিদের খাবারের তালিকায় ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, পান সুপারি ও কোমল পানীয় এবং রাতে সাদা ভাত, আলুর দম, রুই মাছ ও মুড়িঘন্ট রয়েছে। হলরুমে বন্দিদের বিনোদনের জন্য চারটি নতুন টেলিভিশন দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার শাহজাহান আহমেদ জানান, এখানে ৪৮৪ বন্দি রয়েছেন। কারাগারে ডে কেয়ার সেন্টারে বন্দিরে সঙ্গে ৫২ জন শিশু রয়েছে। ফাঁসির আসামি রয়েছেন ৩৩ ও যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি রয়েছেন ৪০ জন।

শিশুদের অন্য বিশেষ খাবারের পাশাপাশি নতুন জামা, চকলেট ও চিপস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া এবার মহিলাদের জন্য একটি ঈদ জামাতের আয়োজন করা হয় বলে জানান জেল সুপার শাহজাহান।

তিনি জানান, কারাগারে খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, কোমল পানীয়, পান সুপারি, সালাদ ও মিষ্টি এবং রাতে রয়েছে সাদা ভাত, আলুর দম, মুড়িঘন্ট ও রুইমাছ।