২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

শেরপুরে বিয়ের ৫ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-ভাশুর-শাশুড়ি কারাগারে

নিহতের পরিবারের দাবি, লিমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 06:01 PM

Updated : 22 Oct 2026, 06:01 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিয়ের পাঁচ দিনের মাথায় এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় করা মামলায় নিহতের স্বামী ও শাশুড়িসহ তিনজনকে বুধবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

মৃত লিমা আক্তার (২০) পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

কারাগারে যাওয়ারা হলেন- গোপালপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে একরামুল (২২) ও হরমুজ আলী এবং তাদের মা ফরিদা বেগম।

এ ঘটনায় লিমার বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, ১৫ অক্টোবর পারিবারিকভাবে একরামুলের সঙ্গে লিমার বিয়ে হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় এক লাখ ৭০ হাজার টাকা। রোববার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান লিমা।

মঙ্গলবার বিকালে স্বামীর বাড়িতে ফিরে আসেন লিমা। এ সময় বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার মনোমালিন্য হয়।

লিমার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, জিনিসপত্র পছন্দ না হওয়ায় ঝগড়ার একপর্যায়ে লিমাকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে দাবি তাদের।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন রাত ৩টার দিকে লিমার ভগ্নিপতিকে ফোন করে একরামুল জানান, তার স্ত্রী অসুস্থ। পরে ভোর ৪টার দিকে শ্বশুরবাড়ির লোকজন লিমাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে স্বামীর বাড়ির স্বজনদের দাবি, রাতে ঘুমানোর পর মাঝরাতে জেগে একরামুল ঘরের দরজা খোলা দেখতে পান। পরে বাইরে গিয়ে পাশের একটি ঘরের সানশেডে ওড়না দিয়ে লিমাকে ঝুলতে দেখেন। এরপর বিষয়টি জানাজানি হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ফাহাদ রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নববধূ মারা যান।

ওসি আশরাফুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।