শিশু ধর্ষণের অভিযোগ, চিকিৎসা পেল ২ দিন পর
শিশুটিকে হাসপাতালে নিতে আসামিপক্ষ বাধা দেয় বলে অভিযোগ স্বজনদের।
গোপালগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে, যাকে চিকিৎসকের কাছে যেতে বাধা দেওয়া হয় বলে স্বজনদের ভাষ্য।
মঙ্গলবার ওই শিশুকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আর ধর্ষণের অভিযোগে কোটালীপাড়ায় থানায় মামলা করা হয় বুধবার দুপুরে।
গত রোববার [১৬ এপ্রিল] কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলিয়া গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলার নথি থেকে জানা গেছে, রোববার বিকাল ৪টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। ওই সময় প্রতিবেশী এবং সম্পর্কে চাচা বিকাশ হালদার (২৩) তাকে ঘরে ডেকে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে ধর্ষণ করেন।
এতে শিশুটির রক্তক্ষরণ হলেও বিকাশ এবং তার ভাই স্থানীয় ইউপি সদস্যের বাধার কারণে পরিবার চিকিৎসা করাতে পারছিল না বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে শিশুটির খালা খবর পেয়ে পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে এসে তাকে হাসপাতালে ভর্তি করান।
শিশুটির মা জর্ডান প্রবাসী এবং ঘটনার সময় তার বাবাও বাড়ি ছিলেন না বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার আসামি বিকাশ হালদার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মৃণাল হালদারের ছোট ভাই।
তবে মৃণাল হালদার ওই শিশুর চিকিৎসায় বাধা দেওয়ার কথা অস্বীকার করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছিল। তাই তারা দেরি করে হাসপাতালে ভর্তি করেছে। এখানে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।”
কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় বুধবার দুপুরে থানায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
