টাঙ্গাইলে ৬ ইউপিতে ভোট চলছে
তীব্র কুয়াশা ও শীতের কারণে সকালে ভোটারদের উপস্থিত কিছুটা কম ছিলো; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটি ইউনিয়ন ও কালিহাতী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা হতে শুরু হয়ে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ চলবে।
ঘাটাইল উপজেলার ধলাপাড়া, রসুলপুর, লক্ষ্মীন্দর, সংগ্রামপুর ও সন্ধ্যানপুর ইউনিয়নে এবং কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইসলাম বলেন, “টাঙ্গাইলের ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।’
কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৫৫ জন।
ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭২০ জন।
রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ২৪ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১৭ হাজার ৭০০ জন।
লক্ষ্মীন্দর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৬ হাজার ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এ ইউপিতে।
সংগ্রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে রয়েছে ২১ হাজার ৮৫ জন ভোটার।
সন্ধ্যানপুর ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ হাজার ৪২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কুয়াশা ও শীতের কারণে সকালে ভোটারদের উপস্থিত কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
