২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা নষ্ট করেছে দুষ্কৃতকারীরা

বাঘ গণনার জন্য সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা নষ্ট করেছে দুষ্কৃতকারীরা

ফাইল ছবি: ডা. নিয়াজ আব্দুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 05:19 PM

Updated : 16 Feb 2023, 06:30 PM

সুন্দরবনে বাঘ গণনার জন্য স্থাপন করা আটটি ক্যামেরা দুষ্কৃতকারীরা নষ্ট করে দিয়ে গেছে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার (এসও) নুরুল আলম বলেন, রেঞ্জে বাঘ গণনার কাজে স্থাপিত আটটি ক্যামেরার বিনষ্ট করা হয়েছে, যা আর ব্যবহারযোগ্য নয়।

এসও নুরুল আলম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ, যা এখনও চলছে। এ জন্য সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে গাছে গাছে ক্যামেরা স্থাপন করা হয়েছে।

“এর মধ্যে সাতক্ষীরা রেঞ্জে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হলেও নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চলে স্থাপিত আটটি ক্যামেরা নষ্ট করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় মাছধরা জেলেদের যুক্ত থাকার আলামত মিলেছে।”

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন বলেন, আটটি ক্যামেরার মধ্যে কয়েকটির নষ্ট ভগ্নাংশ পাওয়া গেছে; কয়েকটির কোনো হদিসই নেই। তবে সেগুলো চুরি হয়েছে না অন্য কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। এর সঙ্গে যারাই সম্পৃক্ত থাকুক তাদের খুঁজে বের করা হবে।

তিনি বলেন, সম্প্রতি মৃত বাঘ ও বাঘের চামড়া উদ্ধারের ঘটনার পর সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কয়েকটি এলাকায় জেলেদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের মধ্যে কোবাদক ও বুড়িগোয়ালীনি স্টেশন দিয়ে যথারীতি জেলেদের সুন্দরবনে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান এই বন কর্মকর্তা।

আরও পড়ুন

পুরনো খবর:

বাঘ শুমারি: দুই স্টেশন দিয়ে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
সুন্দরবনে বাঘের চামড়া উদ্ধারের একমাস পর মিলল গলিত দেহ