সুন্দরবনে বাঘের চামড়া উদ্ধারের একমাস পর মিলল গলিত দেহ
গত ৬ জানুয়ারি শ্যামনগর উপজেলার হরিনগর থেকে বাঘের চামড়াসহ দুজনকে আটক করেছিল র্যাব।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের চামড়া উদ্ধারের একমাস পর মিলল গলিত দেহ।
রোববার সকালে পশ্চিম সুন্দরবনের কলাগাছী মুরালীখাল এলাকা থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয় বলে ওই রেঞ্জের স্টেশন কর্মকর্তা এসও নুরুল আলম জানান।
গত ৬ জানুয়ারি র্যাবের অভিযানে জেলার শ্যামনগর উপজেলার হরিনগর থেকে বাঘের একটি চামড়াসহ দুজনকে আটক করা হয়েছিল।
নুরুল আলম বলেন, সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকা থেকে মরা বাঘটির অংশ উদ্ধার করা হয়।
“পুরো এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়ানোর ফলে দেহাবশেষের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না।”
বয়সের কারণে মাসাধিক আগে প্রাণীটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহাবশেষের নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। মৃত বাঘটি মাটিতে পুতে রাখা হবে।
এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে নুরুল আলম জানান।
