শেরপুরে ড্রামে নারীর মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
নিহত নারীর পরিচয় শনাক্তে বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে কাজ করছেন পিবিআই সদস্যরা।
শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে মরদেহটি উদ্ধার করেন তারা।
নিহত নারীর বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে বলে ধারণা পুলিশের।
স্থানীয় আহেদ আলী বলছেন, সকালে কয়েকজন পথচারী সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম ভাসতে দেখেন। ড্রামটির মুখ খোলা থাকায় ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তারা কাছে যান। পরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন তারা।
ওসি নুরুল আলম বলেন, “নিহত নারীর মাথার বিভিন্ন স্থানে কাটা এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে মরদেহটি নিচে ফেলে দেওয়া হয়েছে।”
নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআই সদস্যরা বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে কাজ করছেন। মরদদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
