বাঘ শুমারি: দুই স্টেশন দিয়ে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
বাঘ গণনার জন্য ক্যামেরা বসাতে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে বন বিভাগ জানিয়েছে।
বাঘ শুমারির জন্য সাতক্ষীরা রেঞ্জের দুটি স্টেশন দিয়ে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ।
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক-এসিএফ ইকবাল হোসাইন চৌধুরী জানান।
ইকবাল হোসাইন চৌধুরী বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ও কদমতলা স্টেশন দিয়ে জেলেদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় ১০ ফেব্রুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা চলছে।
“বাঘ গণনার জন্য ক্যামেরা বসাতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ কার্যক্রমের জন্য সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকার সর্বস্তরের মানুষের সচেতনতা কার্যক্রমও পরিচালনা করেছে।”
ইকবাল হোসাইন আরও জানান, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের মধ্যে অপর দুই স্টেশন কোবাদক ও বুড়িগোয়ালীনি স্টেশন দিয়ে জেলেরা সুন্দরবনে যেতে পারবেন। ক্যামেরা বসানোর কাজ শেষ হলে এখন নিষেধাজ্ঞায় থাকা দুটি স্টেশন দিয়েও প্রবেশ করা যাবে।
