সিরাজগঞ্জে জোড়া খুন: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তার আসামিকে আদালত তিন দিনের রিমান্ডে দিয়েছে।
সদর উপজেলার ইছামতি গ্রামে আলোচিত জোড়া খুনের মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ ডিবি পুলিশ।
হত্যাকাণ্ডের দুদিনের মাথায় রোববার সকালে ঢাকার কল্যাণপুর এলাকা থেকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে সিরাজগঞ্জ আনা হয় বলে জানান ডিবির ওসি জুলহাস উদ্দিন।
গ্রেপ্তার মেরাজুল ইসলাম (২৬) সদর উপজেলার বাগবাটি ইউনিয়ের ইছামতি মধ্যপাড়ার হায়দার আলী শেখের ছেলে।
জমি সংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে ইছামতি গ্রামের আল আমিন খান (৪৪) ও আল আমিন সেখ (৩৬) নামে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলে একজন ও পরের দিন ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আল আমিন খানের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮/৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি জুলহাস উদ্দিন জানান, মামলাটি ডিবি পুলিশ ছায়া তদন্ত করছে। মামলার প্রধান আসামি মেরাজুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ডিবির ওসি আরও বলেন, গ্রেপ্তার মেরাজুলকে দুপুরে সিরাজগঞ্জের একটি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আরও পড়ুন:
