২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি

গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়।

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 11:57 PM

Updated : 23 Oct 2022, 11:57 PM

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে ছয় সংবাদকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় মানববন্ধন হয়েছে।

রোববার কাপ্তাই উপজেলা পরিষদের সামনে সংবাদকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি মো. আজগর খান, সাংবাদিক অর্ণব মল্লিক, সংগঠক আদনান সরোয়ার।

এ ছাড়া নালন্দা বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভান্তে, সংস্কৃতিকর্মী বসুদেব, জয়নাল আবেদীন, তৃষা, বৃষ্টি আক্তার, সামাউ মারমা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইমতিয়াজ, সুমনসহ নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং ডিজিটাল আইনে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান।  

গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন পার্বত্য রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার। এ সময় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী ১৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে একই বাদীর মামলায় ৭ জুন রাঙামাটির দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিন পান।

আরও পড়ুন:

পুরনো খবর:

এবার ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা নাজনীনের
ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙামাটিতে সাংবাদিক ফজলে এলাহী গ্রেপ্তার
সাইবার ট্রাইবুনালেও সাংবাদিক ফজলে এলাহীর জামিন