রাজশাহীতে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ ২ আসামি ছিনতাই
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশের দুই সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যাদের মাদক কারবারি বলছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার ইউসুবপুর গ্রামের এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।
আহতরা হলেন- রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল ইউসুফ আলী ও বিশ্বজিৎ। আটকের নাম- মসকেন আলী।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল বলেন, “চারঘাট থানা পুলিশের সহযোগিতায় ইউসুবপুর গ্রামের মাদকবিরোধী অভিযান চালায় ডিবি। এ সময় মসকেন আলীর বাড়ি থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ তার ছেলে রুবেল ও রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ।
“অভিযানের খবর পেয়ে সেখান থেকে তাদের সহযোগী আরিফ, আগুন ও পাভেল পালিয়ে যান। কিছুক্ষণ পর তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে ফেনসিডিলসহ হাতকড়া পরা রুবেল ও রায়হানকে ছিনিয়ে নিয়ে যান। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “আসামি ছিনতাইয়ের পর চার পুলিশ সদস্যকে আটকে রাখেন হামলাকারীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় মসকেনকে আটক করা হয়েছে।”
পলাতক আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল।
