১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও

ভিডিওতে তিন যুবককে কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরাতে এবং অপর একজনকে তা মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 07:05 PM

Updated : 15 Oct 2026, 07:05 PM

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার গভীর রাতের কোনো এক সময় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান।

অগ্নিসংযোগের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রকাশিত ভিডিওতে তিন যুবককে কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরাতে এবং অপর একজনকে তা মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়।

জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, রাতের অন্ধকারে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। সকালে এসে বিষয়টির সত্যতা পেয়ে প্রশাসনকে জানানো হয়। পতিত সরকারের দোসররা গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করতে এসব ঘটাতে পারে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর তারা পেয়েছেন। তবে এখনও লিখিত কোনো অভিযোগ মেলেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে এনসিপি। এতে জেলা আহ্বায়ক প্রকৌশলী এমএস এ মাহমুদ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতির সহনশীলতা রক্ষার আহ্বান জানান।