গাজীপুরে নয় দিনের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
পুলিশ জানায়, হানিফ ও রহিমার মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হত।
গাজীপুর মহানগরীতে শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরের সদর থানার ওসি জিয়াউল ইসলাম সাংবাদিকদের বলেন, আবু হানিফ নামের ওই ব্যক্তিকে সোমবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সন্তান হত্যার মামলা করেন স্ত্রী রহিমা খাতুন।
আবু হানিফ (৪৩) নাটোরের সিংড়া উপজেলার মাদারীপুর এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে। তার স্ত্রী রহিমা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নলসন্ধা এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।
পুলিশ জানায়, দিনমজুর হানিফ মহানগরীর দক্ষিণ চতর এলাকার আব্দুল হকের বাড়িতে প্রায় দুই মাস ধরে পরিবার নিয়ে ভাড়া থাকেন। তাদের মধ্যে দাম্পত্য কহল ছিল। এর মধ্যেই গত ৭ জুলাই রহিমা ছেলে সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় রিয়াদ।
ওসি জিয়াউল বলেন, শনিবার হানিফ ও রহিমার মধ্যে ঝগড়া হয়। তখন হানিফ উত্তেজিত হয়ে শিশুপুত্রের মুখে কামড় বসিয়ে দেন। শিশুটিকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার সেখানে শিশুটি মারা যায়।
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হানিফকে আটক করে। সোমবার মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।
