বগুড়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী জানান।
নিহতেরা হলেন- শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের প্রয়াত ইউসুফ আলীর ছেলে, অটোরিকশা চালক মোকলেসুর রহমান ও একই উপজেলার সচিয়ানী পশ্চিম পাড়ার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।
এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, রংপুরগামী পিকআপের সঙ্গে সংঘর্ষে বগুড়াগামী অটোরিকশাটির চালকসহ দুজন নিহত হন। তাদের মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
