নরসিংদীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
মামলায় নারীসহ দুজনকে খালাস দেয় আদালত।
নরসিংদীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নরসিংদীর প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি এমএএন অলিউল্লা জানান।
দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া (২১) রায়পুরা উপজেলার চর আড়ালিয়া এলাকার বাসিন্দা। মামলায় একই এলাকার নারীসহ দুজনকে খালাস দেয় আদালত।
মামলার নথির বরাতে সহকারী পিপি বলেন, রাসেল মিয়া ২০১৯ সালের ১ জুলাই তার স্ত্রী মরিয়ম আক্তারকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ একটি ডোবায় কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করলে রাসেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ৷
পরে রাসেলসহ তিন জনকে অভিযুক্ত করে এবং বাকি তিন জনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। স্ত্রী হত্যায় চলতি বছরের ২৩ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাসেল মিয়া।
