ডেঙ্গু: নারায়ণগঞ্জে হাসপাতালে স্যালাইন আছে, দোকানে কম
সাধারণত আধা লিটারের একটি স্যালাইন ৭০ টাকা এবং এক লিটারের স্যালাইন ৯০-১০০ টাকায় বিক্রি করা হয়।
চলতি মৌসুমে সারাদেশেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ফলে অনেক স্থানে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। কোথাও কোথাও ডেঙ্গু চিকিৎসায় অতি প্রয়োজনীয় তরল স্যালাইন সংকটেরও অভিযোগ পাওয়া গেছে।
তবে নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোয় এখন পর্যন্ত স্যালাইন বা অন্যান্য চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দেয়নি। রোগীরা বলছেন, হাসপাতালের বাইরের ওষুধের দোকানগুলোয় বরং সংকট বেশি। প্রয়োজনের সময় কয়েকটি দোকান ঘুরে কিনতে হচ্ছে স্যালাইন।
আবার কেউ কেউ অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করছেন বলেও অভিযোগ রোগীর স্বজনদের।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত প্রায় ২০০ রোগী চিকিৎসা নিয়েছে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে। তবে এখানে চিকিৎসা নিতে আসা কারও মৃত্যু হয়নি।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদ বলেন, “আমাদের এখানে ডেঙ্গু পরীক্ষার কিট বা স্যালাইনের কোনো সংকট নেই। আমরা চাহিদা অনুযায়ী হাসপাতালে স্যালাইনের সরবরাহ পাচ্ছি। তবে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় স্যালাইনের চাহিদা বেড়েছে। ফলে বাইরের ওষুধের দোকানগুলোয় কিছুটা সংকট রয়েছে বলে রোগীদের কাছ থেকে জানতে পেরেছি।”
চিকিৎসাধীন রোগীরাও জানালেন হাসপাতাল থেকে প্রয়োজন অনুযায়ী স্যালাইন পাওয়ার কথা।
পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন সঞ্জয় দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে গিয়ে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে ভর্তি হন। দুইদিনে তার শরীরে তিনটি স্যালাইন পুশ করা হয়েছে। সবই বিনামূল্যে পেয়েছেন।
নারী ওয়ার্ডে ভর্তি শিরিন বেগমের জন্য বিনামূল্যে স্যালাইন পাওয়ার কথা জানালেন তার স্বামী আব্দুল কাদের।
স্যালাইনের পর্যাপ্ত মজুত আছে বলে জানান নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার।
তিনি বলেন, “হাসপাতালে চিকিৎসা নেওয়া সব রোগীকেই স্যালাইন সরবরাহ করা গেছে। কোনো সংকট তৈরি হয়নি। ভবিষ্যতের জন্যও পর্যাপ্ত স্যালাইন হাসপাতালে মজুদ রয়েছে।”
ডেঙ্গু আক্রান্ত রোগীকে বিশেষ কোনো স্যালাইন দেওয়া হয় না জানিয়ে ডা. শেখ ফরহাদ বলেন, “সাধারণ স্যালাইনই দেওয়া হয়। যা অন্য রোগীদের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে যেহেতু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে তাই স্বাভাবিকভাবেই স্যালাইনের চাহিদাও বেড়েছে।”
স্যালাইনের সংকট বিষয়ে কথা হয় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত পাঁচটি ওষুধের দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে।
তারা বলছেন, গত দেড় মাস ধরে ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা চাহিদা অনুযায়ী স্যালাইন সরবরাহ করছেন না। সাধারণত বেক্সিমকো, ওরিয়ন, লিব্রা, পপুলারসহ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা স্যালাইন সরবরাহ করেন। আধা লিটারের একটি স্যালাইন ৭০ টাকা এবং এক লিটারের স্যালাইন ৯০-১০০ টাকায় বিক্রি করা হয়।
ওষুধ বিক্রেতা মো. সালাউদ্দিন বলেন, “সপ্তাহে অন্তত ৭০-৮০টা স্যালাইন দোকানে রাখা লাগে। কিন্তু দেড় সপ্তাহ আগে এক লিটারের ২০টি আর হাফ লিটারের ২০টি স্যালাইন দিয়ে গেছেন কোম্পানির প্রতিনিধি। এরইমধ্যে এক লিটারের স্যালাইন শেষ। ফলে কেউ কিনতে এলে তাকে ফিরিয়ে দিতে হচ্ছে।”
আগে অর্ডার দিয়ে রাখার পরেও চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না বলে জানালেন আইডিয়াল মেডিসিন কর্নারের মালিত মো. জাকির হোসেন।
তিনি বলেন, “কোম্পানির লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলে, ডেঙ্গু রোগী বাড়ায় হাসপাতালগুলোতেই বেশি সরবরাহ করতে হচ্ছে। ফলে দোকানের চাহিদা পূরণ করা যাচ্ছে না।”
তবে সংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির কথা অস্বীকার করেছেন এই বিক্রেতারা।
অন্যদিকে, অসুস্থ আত্মীয়ের জন্য ৯০ টাকার স্যালাইন বাধ্য হয়ে ২০০ টাকায় কেনার কথা জানালেন আহসান হাবীব নামে এক ব্যক্তি।
সরকারি হাসপাতালে সংকটে না পড়লেও যারা বেসরকারি হাসপাতালে যাচ্ছেন তারা স্যালাইন সংকট পোহাচ্ছেন।
চাষাঢ়ার মোহাম্মদ ইউনুস মিয়া জানালেন গত সোমবার তার ভাইয়ের পেটে ব্যাথা শুরু হলে স্থানীয় কেয়ার জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক অন্যান্য ওষুধের সঙ্গে দুটি এক লিটারের স্যালাইনও কিনতে বলেন।
ইউনুস বলেন, “অন্য সব ওষুধ পেলেও চাষাঢ়ায় তিনটি ওষুধের দোকান ঘুরে একটিও স্যালাইন পাইনি৷ পরে এক কিলোমিটার দূরের কালিরবাজার এলাকায় গিয়ে এক দোকান থেকে এক লিটারের দুইটি স্যালাইন কিনি।”
বেসরকারি অন্তত তিনটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে হলে তারাও জানান হাসপাতালের বাইরে স্যালাইন সংকটের কথা। নিজেরা অন্তত ১৫ দিনের জন্য স্যালাইন মজুদ রাখলেও কোনো রোগীকে বাড়িতে স্যালাইন লিখে দেওয়া হলে বা বাইরে থেকে কিনতে হলে সংকটের মধ্যে পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে ওষুধ বিক্রেতা পলাশ চন্দ্র দে “কোম্পানি থেকে সরবরাহ কম থাকায় কেউ কেউ ঢাকা থেকে বেশি দামে স্যালাইন কিনে আনছে। ফলে স্বাভাবিকভাবেই তা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, “ওষুধের ব্যবসায়ীরা তো ডিম ব্যবসায়ীদের মতো আচরণ করছেন। চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম হওয়ার কারণে একটু সংকট আছে। আর এই সুযোগ নিচ্ছেন তারা। এক্ষেত্রে আমরা নজরদারি করছি কিন্তু ব্যবসায় অন্তত সততা আনা প্রয়োজন।”
দেশে উৎপাদন পর্যাপ্ত না হওয়ায় সরকার স্যালাইন আমদানির কথা ভাবছে জানিয়ে এই চিকিৎসক বলেন, সেটি বাস্তবায়িত হলে আর সংকট থাকবে না।
