২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় বজ্রপাতে নিহত ২

ঘটনার সময় একজন বাড়ির পাশে কাজ করছিলেন, আরেকজন গরু আনতে মাঠে গিয়েছিলেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 12:04 AM

Updated : 17 Jun 2023, 03:40 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার সকালে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা এবং চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় এ দুই প্রাণহানি হয় বলে জানান চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান। 

নিহতরা হলেন- দক্ষিণ কাকারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো. ওসমান গণি (৪২) এবং পালাকাটা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী তছলিমা বেগম (৩৫)। 

স্থানীয়দের বরাতে ইউএনও জেপি দেওয়ান জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি অজ্ঞান হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ দিন খুব সকালে পালাকাটা এলাকায় ক্ষেতে গরু বেঁধে রেখে আসেন তছলিমা বেগম। বৃষ্টির শুরু হলে তিনি ক্ষেত থেকে গরু আনতে যান। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তছলিমা।