২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জ: ট্রেনের সংখ্যা বাড়িয়ে ভাড়া কমানোর দাবি

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ট্রেনের সংখ্যা পুনরায় ১৬ জোড়া করার দাবি জানায়৷

ঢাকা-নারায়ণগঞ্জ: ট্রেনের সংখ্যা বাড়িয়ে ভাড়া কমানোর দাবি

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 06:01 PM

Updated : 05 Nov 2023, 06:01 PM

ঢাকা-নারায়ণগঞ্জ পথে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ভাড়া কমানোর দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম৷

রোববার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, “গত বছরের ডিসেম্বরে পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কারণে তিন মাসের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার কথা বলে আট মাস পর গত অগাস্টে তা চালু করা হয়৷ এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হলেও ট্রেনটিকে ‘কমিউটার’ নাম দিয়ে ভাড়া ১৫ টাকা থেকে বৃদ্ধি করে ২০ টাকা করা হয়। চলাচলরত বর্তমান ট্রেনকে কমিউটার বলা হলেও পূর্বের সাথে তার গুণগত কোনও পার্থক্য নেই।

২০১৯ সালের মার্চে সরকার নির্ধারিত রেলের ভাড়ার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “ওই সময় রেলের ভাড়া ২৫ শতাংশ বৃদ্ধি করে কিলোমিটার প্রতি ভাড়া ৩৯ পয়সা থেকে বাড়িয়ে ৪৯ পয়সা নির্ধারণ করা হয়৷ সে অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ১৬ কিলোমিটার দূরত্বের জন্য বর্ধিত হারে ভাড়া ৭ টাকা ৮৪ পয়সা হয়৷ কিন্তু তখন এই রুটে রেলের ভাড়া ১৫ টাকা করা হয়৷

“১৫ টাকা ভাড়াও অযৌক্তিক হওয়ায় আমরা আপত্তি জানাই৷ কেননা বর্ধিত ভাড়া অনুযায়ীও ভাড়া ১০ টাকা হওয়ার কথা নয়৷ কিন্তু রেল কর্তৃপক্ষ সে সময় জানায়, মেইল-ট্রেনের সর্বনিম্ন ভাড়া যেহেতু ১৫ টাকা তাই ঢাকা-নারায়ণগঞ্জের ভাড়া ১৫ টাকা করা হয়েছিল৷

ট্রেনে চলাচলকারী যাত্রী মূলত নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবঞ্চিত কর্মজীবী, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ— উল্লেখ করে রফিউর রাব্বি বলেন, অতিদ্রুত ট্রেনের ভাড়া কমিয়ে আগের মতো ১৫ টাকা করার দাবি জানাই।

এদিকে আগে এ পথে ১৬ জোড়া ট্রেন ৩২ বার চলাচল করত৷ কোভিড সংকটের সময় এ রুটে রেলের সংখ্যা কমিয়ে আট জোড়া করা হয়৷ সংকট কাটলেও এই সংখ্যা আর বাড়েনি৷ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ট্রেনের সংখ্যা পুনরায় ১৬ জোড়া করার দাবি জানায়৷

একইসঙ্গে গত দেড় যুগেও ট্রেনে নতুন বগি যুক্ত করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানান সংগঠনটির নেতারা৷ ট্রেনে বগি বাড়ানোর দাবি জানান তারা৷

এ পথে চলাচল করা ট্রেনে যাত্রীসুবিধা বাড়ানোর দাবি জানিয়ে রফিউর রাব্বি বলেন, “ট্রেনে অপরিচ্ছন্ন বগি, যাত্রীর আসন ছেঁড়া, ভাঙা, অকেজো ফ্যানের কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হন৷ যাত্রী সেবার মান ক্রমাগত নিম্নমুখী হলেও এসব সমস্যা সমাধানের কোনও উদ্যোগ কর্তৃপক্ষের নেই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব ধীমান সাহা জুয়েল, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা কমিটির আহ্বায়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা৷

এর আগে গত বুধবার নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে একই দাবিতে মানববন্ধন করে সংগঠনটি৷

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]