ঈদযাত্রা: রংপুরের পথে নেই বিশেষ ট্রেন, জনমনে ক্ষোভ
বিভিন্ন পথে নতুন আট জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া হলেও রংপুর বিভাগে নেই একটিও।
ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে বিভিন্ন পথে নতুন আট জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া হলেও রংপুর বিভাগে নেই একটিও। প্রতি বছরের ন্যায় এবারও বৈষম্যের শিকার উত্তরের ঘরমুখী যাত্রীরা।
চাপ কমাতে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হলেও বরাদ্দের বেলায় এ বিভাগ থাকে উপেক্ষিত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুরের সুধীসমাজ ও সাধারণ মানুষ।
রংপুর বিভাগে এক কোটি ৩৮ লাখ ৪৭ হাজার মানুষে বাস। বিশেষ করে পোশাক শ্রমিকদের একটি বড় অংশ রংপুরের। যারা প্রতিবছর ঈদে ঘরে ফেরার পথে অসহনীয় ভোগান্তির শিকার হয়ে থাকেন। এ কারণে অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও বিশেষ ট্রেন চাওয়া হলেও তা মেলে না।
রংপুর বিভাগের অধিকাংশ কর্মজীবী মানুষ গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে অবস্থান করেন। ঈদ আসলে উত্তরের যাত্রী সাধারণ বাস ও ট্রেনের ছাদে এবং ট্রাকে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এতে কখনও কখনও বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। অথচ দীর্ঘদিন ধরে রংপুরের মানুষ আধুনিক রেলসেবাসহ এ অঞ্চলের জন্য বিশেষ ট্রেনের দাবি জানিয়ে আসলেও প্রতিবার থাকেন উপেক্ষিত।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ এ বিষয়ে সরকারি দল ও স্থানীয় সংসদ সদস্যদের দুষছেন।
রংপুর মহানগরীর কামাল কাচনার বাসিন্দা তায়েফ আমিন খান কোয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর রেলওয়ে যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য সুবিধার ক্ষেত্রে বরাবরই অবহেলিত। এর সঙ্গে তো ট্রেনের শিডিউল বিপর্যয় বিড়ম্বনা লেগেই আছে।
রংপুর রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ৮টা নাগাদ ‘রংপুর এক্সপ্রেস’ ছাড়ার কথা থাকলেও তা ঢাকার উদ্দেশে ১০টা থেকে ১১টার পর যাত্রা করে। বেশ কিছুদিন ধরে ট্রেনের এমন শিডিউল বিপর্যয় হচ্ছে। ঈদের আগে এভাবে চলতে থাকলে ঘরমুখো মানুষদের সমস্যায় পড়তে হবে।
বিশেষ ট্রেন না থাকাকে দুঃখজনক উল্লেখ করে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এরশাদুল হক রঞ্জু বলেন, রেলওয়ের যেকোনো সিদ্ধান্তে রংপুর বরাবরই উপেক্ষিত। ঢাকাগামী মাত্র দুটি ট্রেন চলাচল করে তারপরও ঈদে বিশেষ ট্রেন বরাদ্দ হয়নি।
দ্রুত স্পেশাল ট্রেন বরাদ্দ দিয়ে ঘরমুখো ও ফিরতি যাত্রীদের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাংবাদিক ও সংগঠক আদর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদযাত্রায় সব বিভাগের মানুষ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। শুধু রংপুরের বেলায় চিত্রটা ভিন্ন। এখানে নতুন ট্রেন বরাদ্দ থাকে না।
ট্রেন না পেয়ে ফিটনেসবিহীন বাসে ঝুঁকি নিয়ে দূর-দূরান্ত থেকে ঈদে গ্রামে ফেরে মানুষ; কখনও কখনও বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে বলে জানান তিনি।
বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী আইনজীবী আতিক উল আলম কল্লোল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কলেন, রংপুর বিভাগের বেশিরভাগ মানুষ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও সিলেট এলাকায় কাজ করেন। বিপুল সংখ্যক মানুষ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরেন।
প্রতি বছর অন্য বিভাগে নতুন ট্রেন বরাদ্দ দেওয়া হলেও রংপুর থাকে উপেক্ষিত; এমন বৈষম্য নিরসনে সরকারকে উদ্যোগী হওয়া উচিত বলে মনে করেন তিনি।
সুজনের রংপুর মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুরে রেলের উন্নয়ন নিয়ে অনেক পরিকল্পনা দেখানো হয়েছে। কিন্তু তা এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। ২৮২ বছরের পুরোনো এ জেলায় রেল ব্যবস্থার উল্লেখ যোগ্য কোনো উন্নয়ন নেই।
“রংপুর বিভাগ থেকে সারাদেশে ধান, আলু, কয়লা, কঠিনশিলা রপ্তানি হয়। লাখ লাখ মানুষ রাজধানীতে তৈরি পোশাক কারখানায় চাকরি করছেন। কিন্তু তাদের যাতায়াতের জন্য কোনো বিশেষ ট্রেন বরাদ্দ নেই।“
অবিলম্বে ঈদে বিশেষ ট্রেন বরাদ্দসহ রংপুর-ঢাকা পথে ইন্টারসিটি রেল চালুর দাবি জানান তিনি।
রংপুর বিভাগের জন্য ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে রেলমন্ত্রী ও রেল সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন।
ঈদে বিশেষ ট্রেন চেয়ে কোনো চাহিদাপত্র রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে কি-না জানতে চাইলে রংপুর রেলওয়ের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার শংকর গাঙ্গুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে জানানো হয়েছে। তবে ঢাকা থেকে রংপুর আসা যাওয়া নিয়ে যাত্রীদের তেমন কোনো সমস্যা হবে না।
এ ছাড়া সম্প্রতি ঢাকাগামী ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালু হয়েছে; এই ট্রেন যাত্রীদের দুর্ভোগ লাঘবে কাজে দিবে বলে মত এ রেল কর্মকর্তার।
