২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নানিয়ারচরের আট নেতাকে অব্যাহতির সুপারিশ আওয়ামী লীগের

এর মধ্যে আওয়ামী লীগের চারজন, যুবলীগের তিনজন ও ছাত্রলীগের এক নেতা রয়েছেন।

নানিয়ারচরের আট নেতাকে অব্যাহতির সুপারিশ আওয়ামী লীগের

রাঙামাটি জেলা আওয়ামী লীগের চিঠি।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 05:20 PM

Updated : 30 Jul 2023, 05:20 PM

নানিয়ারচর উপজেলায় আট নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হতে সাময়িকভাবে অব্যাহতির সুপারিশ করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।

শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর স্বাক্ষরিত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার।

সাময়িক অব্যাহতির সুপারিশপ্রাপ্তরা হলেন- নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন ভুঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু জাফর খাঁ, বুড়িঘাট ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মহিদুল ও আওয়ামী লীগ কর্মী মো. নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহীন আলম, সদস্য মো. সহিবুল ও ১ নম্বর বগাছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হাফিজুর।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক হাজী মো. মুছা মাতব্বর বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক ভিডিও ও স্ট্যাটাস দেওয়ায় নানিয়ারচর উপজেলার আওয়ামী লীগের চারজন, যুবলীগের তিনজন ও ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে অভিযোগ আসে। এ ছাড়া তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

তিনি আরও বলেন, “এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন ও সুপারিশের পরিপ্রেক্ষিতে শুক্রবার জেলা আওয়ামী লীগের সভায় এসব ঘটনা ভবিষ্যতে সংগঠনের জন্য ক্ষতির কারণ হতে পারে এবং শৃঙ্খলা পরিপন্থি আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলার মোট আটজনকে সাংগঠনিক সব পদ হতে সামায়িকভাবে অব্যাহতি প্রদান করা হয় এবং যুবলীগ ও ছাত্রলীগকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।”

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, “সভাপতি এখন দেশের বাইরে আছেন। তিনি ফিরলে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।”

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল বলেন, “আমরা জেলা আওয়ামী লীগ থেকে চিঠি পেয়েছি। জরুরি সভা ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অব্যাহতির সুপারিশপ্রাপ্ত নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মামুন ভুঁইয়া বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। উপজেলা আওয়ামী লীগের সভাপতির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে।

“উপজেলা আওয়ামী লীগের গ্রুপিংয়ের কারণে আমাদের শায়েস্তা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। আমরা জেলা আওয়ামী লীগের কাছে ন্যায়বিচার চাই।”