২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি রাবি সংবাদকর্মীদের

এ ছাড়া তারা দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ জানান।

শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি রাবি সংবাদকর্মীদের

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাংবাদিকদের তিন সংগঠনের কর্মীরা মানববন্ধন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2023, 08:39 PM

Updated : 30 Mar 2023, 08:39 PM

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সংবাদকর্মীরা।  

এ ছাড়া তারা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ জানান। 

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাংবাদিকদের তিন সংগঠনের কর্মীরা মানববন্ধন করেন। 

সংগঠনগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। এর আগে তারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সবুর লোটাসের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিনুর খালিদ বলেন, “কোনো ওয়ারেন্ট ছাড়া একজনকে গ্রেপ্তার, হয়রানি করা সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড। সাংবাদিক হিসেবে তো বটেই, বাংলাদেশের একজন নাগরিক হিসেবেও সাংবাদিক শামসুজ্জামান তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সাংবাদিক শামসুজ্জামানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।” 

এ ছাড়া প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্তির দাবিও জানান এ সংবাদকর্মী। 

Image

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাংবাদিকদের তিন সংগঠনের কর্মীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে সাংবাদিক সমিতির সভাপতি তৌসিফ কাইয়ূম বলেন, “এটা একটা উদ্বেগের বিষয় যে, দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছনা, হুমকি, মারধরসহ নির্যাতনের বিভিন্ন ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। সর্বশেষ সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ভোররাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বিশ ঘন্টারও বেশি সময় পর তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেখানো হয়। এ ঘটনা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে চরম বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী।”

বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান অভি বলেন, “বর্তমান সরকার জনগণের সাংবিধানিক অধিকার বাক স্বাধীনতাকে চূড়ান্তভাবে হরণ করছে। সরকারের এমন কর্মকাণ্ডের ফলে সাংবাদিকতার মতো পেশাও আজ হুমকির মুখে। একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত ন্যক্কারজনক, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

“এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা তথা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা।”  

মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত এবং বিশ্ববিদ্যা্লয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন।  

এ সময় ক্যাম্পাসে কর্মরত অন্তত অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

‘নিজেদের ভুল জানতে’ সাংবাদিকের সঙ্গে সুসম্পর্ক চান জ্বালানি উপদেষ্টা