০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

কর্মসূচি থেকে হামলায় জড়িতদের বিচার দাবি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 02:33 AM

Updated : 07 Oct 2026, 02:33 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি থেকে হামলায় জড়িতদের বিচার দাবি করা হয়।

মানববন্ধনে চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “সময় বদলায়, পরিস্থিতি বদলায় এবং রাজনৈতিক সংগঠনগুলোও তাদের আচরণ বদলায়। আমরা যদি ৫ অগাস্টের আগের ক্যাম্পাসের বাস্তবতা দেখি, পুরো বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত না। তাদের কার্যক্রম ক্যাম্পাসে তুলে ধরার অন্যতম মাধ্যম ছিল সাংবাদিকরা।

“আমাদের সহযোগিতায় তারা ক্যাম্পাসে প্রবেশ ও বিভিন্ন কার্যক্রম করতে পারত। কিন্তু ৫ অগাস্টের পর তারা ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই।”

চবিসাসের সদস্য মেহেদী হাসান বলেন, “আমরা ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সূত্র থেকে সংবাদ পরিবেশন করে থাকি। আমরা সমাজের দর্পণের মতো কাজ করি। কিন্তু সেই দর্পণের ওপর যখন হামলা আসে, তখন সমাজ কতটা নিচে নেমে যায়।

“এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত হামলার বিচার করতে হবে।”