২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে বরণে মিছিলের নগরী বরিশাল

প্রধানমন্ত্রীর এই জনসভায় ১০ লাখ লোকের সমাগম করার আশা করছেন আওয়ামী লীগের নেতারা।

প্রধানমন্ত্রীকে বরণে মিছিলের নগরী বরিশাল

মিছিল নিয়ে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের জনসভাস্থলে হাজির হচ্ছেন নেতাকর্মীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 01:13 PM

Updated : 29 Dec 2023, 03:44 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারে বরিশালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করে নিতে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল।

দীর্ঘ পাঁচ বছর পর আওয়ামী লীগ সভাপতির এই সফরকে ঘিরে বরিশাল জেলা ও মহানগরসহ দক্ষিণাঞ্চলের সব জেলা-উপজেলার দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তারা এসেছেন বরিশালে। পোস্টার-ব্যানারসহ নৌকা মার্কার প্রচারের বিভিন্ন উপকরণ নিয়ে নানা রঙের পোশাকে বর্ণিল মিছিল নিয়ে তারা হাজির হচ্ছেন নগরীর বঙ্গবন্ধু উদ্যানে।

বিকাল ৩টায় এই উদ্যানের মাঠেই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন বলে জানিয়েছেন জনসভা সফলে গঠিত সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার।

এর আগে ঢাকা থেকে সড়ক পথে রওয়ানা হওয়া প্রধানমন্ত্রী বেলা ১টার দিকে বরিশাল সার্কিট হাউজে পৌঁছাবেন বলে জানিয়েছেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক লস্কর নুরুল হক।

প্রধানমন্ত্রীর এই জনসভায় ১০ লাখ লোকের সমাগম করার আশা করছেন আওয়ামী লীগের নেতারা।

অ্যাডভোকেট বলরাম পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনসভায় ১০ লাখ লোক সমাগম হবে। মূল জনসভা জুম্মা নামাজের পর শুরু করা হবে। সন্ধ্যার আগে জনসভা শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Image

কড়া নিরাপত্তার মধ্যে সুশৃঙ্খলভাবে জনসভায় প্রবেশ করছেন নেতাকর্মীরা।

তবে সকাল থেকেই জনসভাস্থলে মানুষের ঢল নেমেছে জানিয়ে বঙ্গবন্ধু উদ্যানের স্বেচ্ছাসেবক তারিকুল ইসলাম নাফি বলেন, “আমরা সকাল ৭টার মধ্যে মাঠে এসেছি। ৮টার পর থেকে নেতাকর্মীসহ সাধারণ মানুষ মাঠে আসা শুরু করেছে। বেলা ১১টার মধ্যে মাঠ অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে।”

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহিণী আসমা বেগম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে হবে। তাই তিনি সকাল ৯টায় জনসভা স্থান বঙ্গবন্ধু উদ্যানে এসেছেন। ”

শারীরিক প্রতিবন্ধী ২০ বছর বয়সী মো. রাকিব এসেছেন হুইল চেয়ারে। নগরীর জিলা স্কুল পর্যন্ত একটি গাড়িতে এসেছেন জানিয়ে রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কথা তো বলতে পারমু না। কিন্তু দূর থেকে দেখলেও মনটা শান্তি পাবে।”

জনসভাকে ঘিরে বঙ্গবন্ধু উদ্যানের আশে-পাশে ছয় স্তরের নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা।

কর্তব্যরত মহানগর পুলিশের এসআই এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৮টা থেকে মানুষ আসছে। সু-শৃঙ্খলভাবে তারা মাঠে প্রবেশ করছে। কড়া নিরাপত্তা থাকায় কোনো বিশৃঙ্খলা করার সুযোগ নেই।”

Image

মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছেন বরিশালের বীর মুক্তিযোদ্ধারা।

সমাবেশের উদ্দেশ্যে আসা বীর মুক্তিযোদ্ধা আইজউদ্দিন ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর মিটিংয়ে আসছি তার বক্তব্য শুনতে। ”

সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশে সভাপতিত্ব করবেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

বক্তব্য দেওয়ার তালিকায় আরও রয়েছেন- ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বরিশাল সদর আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

সমাবেশ সঞ্চালনা করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনসু।

Image

দূর থেকে হলেও একবার প্রধানমন্ত্রীকে দেখতে হুইল চেয়ার নিয়ে জনসভায় এসেছেন মো. রাকিব।

জনসভা মঞ্চ থেকে জানানো হয়েছে, জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইবেন।

তবুও অনুসারীদের নিয়ে জনসভায় এসেছেন বরিশাল-৩ আসনের ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আতিকুল ইসলাম আতিক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জননেত্রী শেখ হাসিনার লোক। তাই তার জনসভায় এসেছি। ”

তিনি আরও বলেন, “আমি যখন দলীয় মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছিলাম। তখন প্রধানমন্ত্রী বলেছেন আমি একজনকে দলীয় মনোনয়ন দিয়েছি। কিন্তু নেতাকর্মীদের নির্দেশ দিলাম তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার। তাই আমি প্রার্থী হয়েছি। ”

স্বতন্ত্র প্রার্থী হয়েও মঞ্চে উঠার অনুমতি পেয়েছেন জানিয়ে ও অনুমতির কার্ড দেখিয়ে বরিশাল-৬ আসনের ট্রাক প্রতীকের মোহাম্মদ সামসুল ইসলাম চুন্নু বলেন, “কে বলেছে আমরা উঠতে পারব না। মঞ্চে উঠার অনুমতি পেয়েছি। আমি এখন গিয়ে মঞ্চে উঠবো।”