২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ৪৭ গরুসহ ট্রলার ডুবে গেছে পদ্মায়, উদ্ধার ১৯টি

খালেক বেপারি জানান, তার ৯টার মধ্যে মাত্র দুইটা গরু বাঁচাতে পেরেছেন। একটা গরু বাহাদুরপুরে আছে কিন্তু স্থানীয়রা ফেরত দেয়নি।

মানিকগঞ্জে ৪৭ গরুসহ ট্রলার ডুবে গেছে পদ্মায়, উদ্ধার ১৯টি

পদ্মার তীরে গরু হারানো এক ব্যবসায়ী।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 01:26 PM

Updated : 24 Jun 2023, 01:26 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ৪৭টি গরুসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রকান্দি এলাকায় সকাল ১০টার দিকে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী।

ট্রলারটিতে থাকা ১৯টি গরু উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য।

এ সময় ইউএনও শাহরিয়ার রহমান বলেন, “৪৭টি গরু নিয়ে সিরাজগঞ্জের চৌহলি থেকে ট্রলারে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন খামারি ও ব্যবসায়ীরা। এর মধ্যে ১৯টি গরু উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি।”

Image

পদ্মায় ট্রলার ডুবিতে গরু হারানো ব্যবসায়ী ও খামারিরা।

গরু হারানো ব্যবসায়ী জমির উদ্দীন জানান, ট্রলারে তার ৮টা গরু ছিল কিন্তু একটাও উদ্ধার করতে পারেননি।

খালেক বেপারি জানান, তার ৯টা গরু ছিল, এর মধ্যে মাত্র দুইটা গরু বাঁচাতে পেরেছেন। একটা গরু বাহাদুরপুর এলাকায় আছে কিন্তু স্থানীয়রা ফেরত দেয়নি।

আবদুল্লাহ জানান, তিনি চারটি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। একটা গরুর বাধন কাটায় সেটা উদ্ধার হয়েছে।

আরেক খামারি লাল মিয়া জানান, ট্রলারে তার দুইটা গরু ছিল। একটিও উদ্ধার করতে পারেননি।

ফজলু জানান, তিনটার মধ্যে একটা গরু নদী থেকে উঠাতে পেরেছেন।

উজ্জল মুনসী জানান, তার দুইটা গরু ছিল। একটা উদ্ধার হয়েছে।

এদিকে ট্রলার মালিক ফারুক বলেন, “নৌকাটি সরাসরি ডুবে গেছে। কাত হয়নি। ধারণা করছি কোনো কারণে ট্রলারের নিচে ফেটে যেতে পারে।”