ভ্যান, সাইকেলকে চাপা দিয়ে ট্রাক খাদে, শ্রমিক ও স্কুলছাত্র নিহত
ভ্যান ও বাইসাইকেলকে চাপা দিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।
সাতক্ষীরায় ট্রাক চাপায় এক ইটভাটা শ্রমিক ও এক স্কুলছাত্র নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুই ভাটা শ্রমিক।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে দক্ষিণ দেবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে ফয়সাল আহমেদ (২৮) ও মথুরাপুর গ্রামের মুজিবর সরদারের ছেলে সজীব হোসেন (১৪)। সজীব হোসেন স্থানীয় লাবসা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আহতরা হলেন সদর উপজেলার লাবসা গ্রামের হযরত আলী ও আব্দুস সবুর। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
উত্তর দেবনগর গ্রামের ভাটা শ্রমিক আকবর আলী জানান, দুপুরে তার মামাতো ভাই ইটভাটা শ্রমিক ফয়সাল আহম্মেদ বিনেরপোতায় ইটভাটায় কাজ শেষে অপর দুই সহকর্মীকে নিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের ভ্যানের পিছনে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল স্কুল ছাত্র সজীব হোসেন।
“তারা দেবনগর মোড় পার হওয়ার সময় বিনেরপোতাগামী একটি দ্রুতগামি ট্রাক ভ্যান ও সাইকেল আরোহী সজীবকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়।”
এতে ঘটনাস্থলে ফয়সাল আহমেদ নিহত হন এবং হযরত আলী, আব্দুস সবুর ও সবুজ হোসেন আহত হন।
ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার এসআই দেবকুমার জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাক খাদ থেকে টেনে তোলে। এর আগেই স্থানীয়রা আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই বিকালে সজীব মারা যান।
দেবকুমার আরও জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে; তবে ট্রাকের চালক পালিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
