দিনাজপুরে ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, ইউপি সদস্যর বিরুদ্ধে মামলা
দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুরের পার্বতীপুরে প্রেমের সম্পর্কের জেরে এক যুবককে ফোনে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর সেজোপাড়ায় এ ঘটনা ঘটে বলে পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান।
নিহত ইউনুস আলী (২৪) একই এলাকার পূর্বপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে। ইউনুস আলী ট্রাকচালক ছিলেন।
ওই রাতেই নিহতের বাবা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় করা মামলার এজাহারে বলা হয়, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুর আলমের নেতৃত্বে ইউনুসকে পিটিয়ে মারা হয়।
মামলার পর রোববার সকালে শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহতের স্বজন ফাইজুল ইসলাম ও ওয়াদুদ সরকার জানান, হয়বৎপুর গ্রামের একটি মেয়ের সঙ্গে ইউনুস আলীর প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাসে আগে মেয়েটির অমতে অন্যত্র বিয়ে দেয় পরিবার। বিয়ের পরও দুজনের যোগাযোগ ছিল। বিষয়টি মেয়েটির পরিবার জানতে পারে।
ইউনুসের স্বজনরা আরও জানান, কয়েকদিন আগে মেয়েটি তার বাবার বাড়ি আসে।
মামলার এজাহারে বলা হয়, শনিবার রাতে মেয়েটির বাবা ইউনুসকে কৌশলে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নেন। সেখানে ইউপি সদস্য নুর আলমের নেতৃত্বে ইউনুসকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ মেয়েটির চাচার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।
সংশ্লিষ্ট থানার ওসি আবুল হাসনাত খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
