অপহরণের ২৩ ঘণ্টার মাথায় মিলল শিশুটির মরদেহ
“রাতে আমার মোবাইলে কল করে মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়”, বলেন শিশুটির বাবা।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণের ২৩ ঘণ্টার মাথায় এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া যায় বলে জানান হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
নিহত ফারিহা জান্নাত (৮) হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার সানা উল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
আটক মোহাম্মদ ইরফান (১৮) ওই এলাকারই বাসিন্দা।
ফারিহার বাবা ছানা উল্লাহ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যাননি।
“রাতে আমার মোবাইল ফোনে কল করে মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছিল।”
টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
