ট্রলারডুবির পাঁচ দিন পর ভোলায় ৫ জেলের মরদেহ উদ্ধার
নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত ২৪ জুন ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ১৩ জেলে।
বঙ্গোপসাগরে ট্রলারডুবির পাঁচ দিন পর ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মোহনা থেকে পাঁচ জেলের ভাসমান মরদেহ উদ্ধারের খবর পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে মরদেহগুলো উদ্ধারের খবর পেলেও দুপুর আড়াইটা পর্যন্ত সেগুলো পুলিশের কাছে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন চরফ্যাশন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা।
ট্রলারডুবির ঘটনায় চরফ্যাশন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ছয় জেলে; তারা টানা পাঁচ দিন সাগরে ভেসে ছিলেন। এখনও নিখোঁজ আছেন ২ জেলে।
সামরাজ মাছঘাটের ব্যবসায়ী মো. রিপন জানান, হতাহতদের সবার বাড়ি চরফ্যাশনে। তবে তিনি তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
সামরাজ মাছঘাট সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত ২৪ জুন ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ১৩ জেলে। সাগর উত্তপ্ত থাকায় পরদিন ট্রলারটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
তাদের মধ্যে দুই জেলে ভেসে এসে বৃহস্পতিবার সকালে মনপুরার একটি চরে পৌঁছান। তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শুক্রবার সকালে আরও চার জেলে চরফ্যাশনে ভেসে আসেন। তাদেরকেও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শুক্রবার তাদের কাছ থেকে খবর পেয়ে অন্যদের খুঁজতে স্থানীয় জেলে ও আড়তদাররা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যায় এবং বেলা ১টার দিকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করেন।
ট্রলারে থাকা লোকজন বিষয়টি সবুজ নামে এক মাছ ব্যবসায়ীকে জানালেও নেটওয়ার্ক সমস্যায় এরপর থেকে আর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পুলিশ পরিদর্শক রিপন কুমার সাহা ও জেলা পুলিশের কন্ট্রোলরুম থেকে জানা গেছে, চিকিৎসাধীন ছয় জেলেকে দেখতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।
রিপন কুমার সাহা আরও জানান, নিখোঁজ জেলেদের আত্মীয়স্বজন ও আড়তদাররা তাদেরকে খুঁজতে গিয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে ৫ জেলের মরদেহ উদ্ধারের বিষয়টি পুলিশ শুনতে পেয়েছে। কিন্তু উদ্ধার হওয়া মরদেহগুলো এখনও পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।
এ বিষয়ে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
