২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ইজিবাইক চালককে হত্যা: মামলায় গ্রেপ্তার ১

গত মঙ্গলবার নগরীর এমসি কলেজের শ্রীকান্ত হোস্টেলের পাশ থেকে দুটি বস্তাবন্দি রণজিতের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 11:28 PM

Updated : 15 Dec 2023, 11:28 PM

সিলেটে ইজিবাইক চালক রণজিত দাস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে মামলা করেছেন; গ্রেপ্তার হয়েছেন এক ইজিবাইক চালক ।

গত বুধবার রাতে ছেলে শংকর দাস বাদী হয়ে মামলাটি করেন বলে জানান জালালাবাদ থানার ওসি মো. মিজানুর রহমান।

মামলায় রণজিত হত্যাকাণ্ডে পুলিশের কাছে জবানবন্দি দেওয়া আব্দুল মালেক (৪০) নামে আরেক ইজিবাইক চালকসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার ওসি মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বীকারোক্তি দেওয়া আব্দুল মালেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচিত হয়েছে; এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”  

গত মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, গত শুক্রবার রণজিত দাস ইজিবাইকসহ নিখোঁজ হলে থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছেলে শংকর দাস। পুলিশ রণজিতের মোবাইল ফোনের সূত্র ধরে মালেকের খোঁজ পেয়ে তাকে নজরদারিতে রাখে।

আত্মীয়-স্বজনদের মাধ্যমে তাকে খবর দিয়ে বাসায় আনা হয়। মালেক বুঝতে পারেন, তিনি ধরা পড়ে গেছেন।

পরে বাসায় ঢুকে, ‘আমি মালেক অটোরিকশাচালক; মৃত্যুর আগে কেউ মিথ্যা বলে না, আমি একা খুন করেছি। আমার সঙ্গে ঝগড়া করেছিল। আমার মা-বোন, বউ বা পরিবারের কেউ দায়ী নন। আমি নিজে নিজে ইচ্ছে করে চাকু দিয়ে মারা গেলাম।’ চিরকুটে লিখে ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মালেক।

পরে পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মালেক পুলিশের কাছে সবকিছু স্বীকার করে বক্তব্য দেন বলে পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের দাবি। 

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ইজিবাইক চালানো নিয়ে কিছুদিন আগে রণজিত দাসের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল নগরের বাদাম বাগিচা এলাকার আব্দুল মালেকের। এর জের ধরেই হত্যার পরিকল্পনা।

গত শুক্রবার মালেক তার বাসায় রণজিতকে ডেকে নিয়ে নাশতায় বসিয়ে পেছন থেকে প্রথমে দা দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। এরপর ব্লেড দিয়ে টুকরো টুকরো করে বস্তায় ভরে নর্দমার পাশে ফেলে দেন।

পরে মালেকের দেওয়া তথ্যে গত মঙ্গলবার নগরীর এমসি কলেজের শ্রীকান্ত হোস্টেলের পাশ থেকে দুটি বস্তাবন্দি রণজিতের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। পিবিআই সদস্যরা সেখান থেকে আলামত সংগ্রহ করেছেন।  

আরও পড়ুন:

পুরনো খবর:

সিলেটে নিখোঁজের চারদিন পর বৃদ্ধের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার