২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নিখোঁজের চারদিন পর বৃদ্ধের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার

চারদিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 12:26 AM

Updated : 13 Dec 2023, 12:42 AM

সিলেটের এমসি কলেজের পাশের নর্দমা থেকে নিখোঁজ এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।

নিহত ব্যক্তি হলেন আখালিয়া এলাকার দুসকির বাসিন্দা রনজিত দাস (৬৫)। শুক্রবার নিখোঁজ হন তিনি। শনিবার নগরীর জালালাবাদ থানায় নিহতের ছেলে শংকর দাস একটি সাধারণ ডায়েরি করেন।

উপ-কমিশনার বলেন, “স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দুটি বস্তাভর্তি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নগরীর বাদাম বাগিচা এলাকার আব্দুল মালেককে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে আটক করলে তিনি নিজেই নিজের পেটে ছুরি মারেন। এখন তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের ময়নাতদন্ত হবে; এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান আজবাহার আলী শেখ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহবশত পুলিশকে খবর দেওয়া হয়।

রাত ১১টায় পিবিআই সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইজিবাইক চালানো নিয়ে কিছুদিন আগে রনজিত দাসের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল আব্দুল মালেকের। এ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।