২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

গুরুতর আহত তিনজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

বগুড়া সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2023, 05:06 PM

Updated : 22 Mar 2023, 05:05 PM

বগুড়া সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সকাল ১০টায় বগুড়া-নওগাঁ সড়কে উপজেলার এরুলিয়া হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান।

নিহতরা হলেন- কাহালু উপজেলার নারহট্ট গ্রামের আকরাম হোসেনের ছেলে জাকারিয়া (১৮) এবং অটোরিকশার চালক লিটন মিয়া (৪০)।

আহত অবস্থায় কাহালু উপজেলার শিকড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে সাজু মিয়া (৩০), সদর উপজেলার সেতাবপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মনিরা বেগম (৪০) এবং অজ্ঞাত এক নারী (৫০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রাকটি দুপচাঁচিয়া থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি যাচ্ছিল নওগাঁর দিকে। পথে দুটো যানের সংঘর্ষ হয়।

আহত পাঁচজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক লিটন দুপুর ১২টায় এবং জাকারিয়া দুপুর ২টায় মারা যান।

ওসি নূরে আলম বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।