মনোনয়নপত্র বাতিলের খবরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন চৌকিদার মো. এসকেন আলী।
Published : 04 Dec 2023, 07:54 PM
জমি বেচে নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনা সেই চৌকিদার যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন। মনোনয়ন বাতিলের খবরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাওয়া লালপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার মো. এসকেন আলী মনোনয়ন বাতিলের বিষয়ে বলেন, “নিয়মানুযায়ী সব কাগজপত্র জমা দিয়েছি। কিন্তু কেন আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, দেরিতে আসায় তা জানতে পারিনি।”
সোমবার সকালে যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের স্বাক্ষর পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা।
তিনি বলেন, নাটোর-১ আসনে এক শতাংশ ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ৯৯৪ জন। কিন্তু এসকেন মাত্র ৯৮০ জনের স্বাক্ষর জমা দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শর্ত পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন কি-না জানতে চাইলে এসকেন চোখ মুছতে মুছতে বলেন, “জমি বিক্রি করে যে টাকা ছিল, সব খরচ করে ফেলেছি। আমার কাছে আর টাকা নাই। আপিল করতে গেলে তো টাকা লাগবে; টাকা পাব কোথায়।”
এদিকে সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা।
তিনি বলেছেন, নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৪ প্রার্থীর মধ্য পাঁচজনকে, নাটোর-২ আসনে (সদর-নলডাঙ্গা) ছয়জন প্রার্থীর মধ্যে একজনকে, নাটোর-৩ আসনে (সিংড়া) ১২ প্রার্থীর মধ্যে চারজনকে এবং নাটোর-৪ আসনে (গুরুদাপুর-বড়াইগ্রাম) ১১ প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নাটোরে চারটি আসনে ৪৩ প্রার্থীর মধ্যে স্বাক্ষর জালিয়াতি, ভুল তথ্য, রিটার্ন দাখিল না করা, বিদ্যুৎ বিল পরিশোধ না করা ও খেলাপির জন্য ১২ প্রার্থীকে অবৈধ এবং ৩১ জনকে বৈধ ঘোষণা করার কথা জানান তিনি।
নাটোর-১ আসনে ১৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কর্নেল রমজান আলী সরকার (অবসরপ্রাপ্ত), এস এম হুমায়ুন কবির, এসকেন আলী, জাসদের মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র সায়েদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নাটোর-২ আসনে ছয় প্রার্থীর মধ্যে স্বতন্ত্র কোরবান আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নাটোর-৩ আসনে ১২ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির (জাপা) আনিসুর রহমান, স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিম পার্টির রুস্তম আলী এবং স্বতন্ত্র শামসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নাটোর-৪ আসনে ১১ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির (জেপি) এস এম সেলিম রেজা এবং স্বতন্ত্র সুজন আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
আরও পড়ুন: