২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা

তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে ভোট হবে ২৯ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 05:53 PM

Updated : 26 Sep 2026, 05:53 PM

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ফের লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন বলেন, “ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদী। গত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আপনারা জানেন, আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

দেলাওয়ার বলেন, “নির্বাচনের সময় ভোটারদের কাছে ফখরুল ইসলাম বলতেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। দীর্ঘদিনের ত্যাগী ও সর্বজন শ্রদ্ধেয় হওয়ায় অনেকেই তাকে ভোট দিয়েছেন। এবার ঠাকুরগাঁও-১ আসনের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি মো. কফিল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট হবে ২৯ অক্টোবর।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। দেলাওয়ার হোসেন পেয়েছিলেন এক লাখ ৪১ হাজার ১৭ ভোট।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এরপর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।