ভোলায় পাঁচ দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, নিম্নাঞ্চল প্লাবিত
আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নিম্নচাপের প্রভাবে ভোলায় পাঁচদিনের টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। টানা বর্ষণে বেড়িবাঁধের বাইরের এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
নিম্নচাপ ও উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেতের কারণে বৃষ্টিপাত বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার সকাল থেকে কয়েকটি উপজেলায় খবর নিয়ে জানা গেছে, টানা বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে; আর এর প্রভাব পড়ছে দৈনন্দিন কাজকর্মেও।
স্থানীয়রা জানায়, পূর্ণিমার জোয়ার এবং টানা বর্ষণের কারণে জেলার বেড়িবাঁধের বাইরে এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
অপরদিকে বৃষ্টি উপেক্ষা করেই জেলেদের মাছ শিকার করতে দেখা গেছে। জাল, ট্রলার ও নৌকাসহ ইলিশ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে ছুটছেন জেলেরা।
ভোলা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাহবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় পুরো জেলায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে; যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন।
