সিলেটে যুবককে কুপিয়ে ‘প্রেমিকার আত্মহত্যা’
প্রেমিকের অফিসকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ।
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক যুবককে কুপিয়ে এক নারীর ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে, যাকে ওই যুবকের প্রেমিকা বলছে পুলিশ।
সোমবার বৈরাগীবাজারের খশিরবন্দ কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে সিলেট জেলা পুলিশের সহকারী গণমাধ্যম কর্মকর্তা শ্যামল বণিক জানান।
নিহত ৪০ বছর বয়সি এই নারী উপজেলার খশির নামনগর গ্রামের বাসিন্দা।
আহত গোপাল চন্দ্র দাস (৩২) খশির পাটনিপাড়া গ্রামের প্রয়াত সুনীল চন্দ্র দাসের ছেলে। তিনি খশিরবন্দ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী।
স্থানীয়দের বরাতে শ্যামল বণিক বলেন, গোপাল চন্দ্রের সঙ্গে নিহত ওই নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সোমবার বেলা ১২টার দিকে ওই নারী কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ও পরামর্শ কক্ষে ঢুকে দা দিয়ে গোপালের হাত ও মাথায় কুপিয়ে জখম করেন।
এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় গোপাল অফিস কক্ষ থেকে দৌড়ে রাস্তায় বের হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান।
এ সময় অন্যরা কমিউনিটি ক্লিনিকের গেইট বদ্ধ করতে গেলে ওই নারী গোপালের অফিসকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে জানালার পর্দা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা শ্যামল বণিক।
খবর পেয়ে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বিয়ানীবাজার থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা পুলিশের এ গণমাধ্যম কর্মকর্তা।
