২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইব্রিড ধান বীজ কিনে প্রতারিত কৃষক

“বাড়িতে নিয়ে এবারও পানিতে ধান বীজ ভিজিয়ে রাখি। পরে পানি থেকে তুলে চারা গজানোর জন্য জাগ দেই। কিন্তু ওই ধান বীজ থেকে কোনো চারা গজায় নাই।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 06:31 PM

Updated : 11 Dec 2023, 08:56 PM

বোরো মৌসুমে হীরা-২ জাতের ধানের বীজ কিনে প্রতারিত হয়েছেন গোপালগঞ্জের অর্ধশতাধিক কৃষক।

ভালো ফলনের আশায় চড়া দামে বীজ কিনেও চারা গজায়নি বলে অভিযোগ কৃষকদের।তবে কোম্পানি ও ডিলারদের দাবি, বীজে ভেজাল নেই; কৃষকরা ‘সঠিকভাবে নিয়ম না মানায়’ চারা গজায়নি।

অর্ধশতাধিক কৃষকদের থেকে এ অভিযোগ পেয়ে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের ভাটিয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আজিজুল করীম জানান।

তিনি বলেন, “আমরা কৃষকদেরও সচেতন করছি। তাদের যাচাই করে মানসম্মত বীজ কেনার পরামর্শ দিয়েছি।”

কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের কৃষক সিরাজ সিকদার বলেন, “আমি বোরো আবাদের জন্য ভাটিয়াপাড়া সুপ্রীম সীড কোম্পানির সাব ডিলার কাজী খোকনের কাছ থেকে হীরা-২ জাতের এক কেজি ওজনের ১০ প্যাকেট হাইব্রিড ধান বীজ কিনি।

“বাড়িতে নিয়ে প্রতি বছরের মতো এবারও পানিতে ধান বীজ ভিজিয়ে রাখি। পরে পানি থেকে তুলে চারা গজানোর জন্য জাগ দেই। কিন্তু ওই ধান বীজ থেকে কোনো চারা গজায় নাই।”

কাজী খোকনের কাছ থেকে হীরা-২ জাতের বীজ কিনে একইভাবে বিপাকে পড়েছেন শাহজাহান নামের আরেক কৃষক।

শাহজাহান বলেন, “বীজ থেকে চারা না গজানোয় আবার দোকানে নিয়ে গেলে খোকন চ্যালেঞ্জ করে বলেন, আমারা নাকি ঠিকমতো বীজ ভেজাতে পারি নাই।

“অথচ আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ওই দোকান থেকে হীরা-২ বীজ কিনে আবাদ করছি।”

আহাদ সরদার ও রাজ্জাক জানান, সঠিক সময় বীজতলায় চারা ফেলতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। এতে হতাশা তৈরির পাশাপাশি ধানের ফলন নিয়েও শঙ্কায় রয়েছেন তারা।

এ বিষয়ে বীজের সাব ডিলার কাজী খোকন বলেন, “বীজে কোনো ভেজাল নেই। কৃষকরা সঠিক নিয়ম না মানায় চারা গজায় নাই। কৃষকের অভিযোগের সত্যতা পেলে কোম্পানি ক্ষতিপূরণ দেবে।”

ভাটিয়াপড়া বাজারের বীজ ব্যবসায়ী সিরাজুল ইসলাম কাজীর ভাষ্য, “এ বছর হীরা-২ জাতের ধান বীজ গজায় নাই। আমি আমার এলাকার কৃষকের ক্ষতি করতে চাই না। তাই আমি এ বছর হীরা ধান বীজ আমার দোকানে তুলিনি। এক প্যাকেট হীরা ধান বীজও বিক্রি করিনি।“

সুপ্রীম সীড কোম্পানির প্রতিনিধি আশিকুল হক বলেন, “আমরা বীজের অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষা করেছি। আমাদের বীজে সমস্যা নেই। কৃষকরা অধিক সময় পানিতে বীজ ভিজিয়ে রেখেছিল; ফলে বীজ পঁচে আর চারা গজায় নাই।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আব্দুল কাদের সরদার বলেন, “সারাদেশের মধ্যে হাইব্রিড ধান সবচেয়ে বেশি চাষাবাদ হয় এ জেলায়। হাইব্রিড ধান বীজ কিনে কৃষক প্রতারিত হওয়ার অভিযোগ আমাদের কাছে আছে।

“যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীজ কোম্পানির লোকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।”