কুমিল্লায় গর্তের পানিতে প্রাণ গেল ২ শিশুর
খেলাধুলা করার সময় কোনো এক ফাঁকে বাড়ির পাশে একটি গর্তে ডুবে যায় আরাফাত ও সায়েম।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান।
নিহতরা হলো ওই এলাকার রওশন আলীর ছেলে আরাফাত হোসেন (৮) ও মনির হোসেনের ছেলে মো. সায়েম (৭)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ওই এলাকার জমিগুলো থেকে ব্যবসায়ীরা টাকার বিনিময়ে মাটি উত্তোলন করে। এতে সৃষ্ট গর্তে বর্ষায় পানি জমে যায়।
তিনি বলেন, “দুপুরে দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল আরাফাত ও সায়েম। খেলার এক পর্যায়ে কোনো এক ফাঁকে পাশের একটি গর্তে তারা ডুবে যায়; এতে দুজনের মৃত্যু হয়।”
অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
