কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশি বাধা, যুবদল নেতা আটক
পুলিশ বলছে, মানুষের জানমালের যেন ক্ষতি না হয়, সেজন্য তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
কুমিল্লা নগরীতে শুরুর পর পরই পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় যুবদলের এক নেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ধর্মসাগরপাড়ের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
আটক যুবদল নেতা কবির হোসেন (৪৪) কুমিল্লা মহানগর যুবদলের সহশ্রম বিষয়ক সম্পাদক।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাগচী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার, গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন নিহত হওয়া, বিএনপির কেন্দ্রীয় অফিসে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
“এটা ছিলো আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু করি। পুলিশ এসে বিনা কারণে ধাওয়া করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়।”
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, “পুলিশ সাধারণ মানুষের জানমালের যেন ক্ষতি না হয়, সেজন্য তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। কারণ নাশকতা হলে দায় পুলিশের ওপর বর্তায়।”
“নগরীর ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর রয়েছি।”
