২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ভ্যান চালক হত্যায় যুবকের যাবজ্জীবন

মামলার এক আসামি কিশোর হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে; আরেকজন বিচার চলাকালে মারা যান।

সিরাজগঞ্জে ভ্যান চালক হত্যায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ  জেলা ও দায়রা জজ আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 07:27 PM

Updated : 09 May 2023, 07:27 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ভ্যান চালক হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসমির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান। 

দণ্ডিত আব্দুল মান্নান (৩৮) উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের আছির উদ্দিনের ছেলে।  

মামলার বরাত দিয়ে পিপি আব্দুর রহমান বলেন, ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর উল্লাপাড়ার বন্যাকান্দি বাজারে ভ্যান রেখে ভিডিও সিডি ডিস্ক কিনতে পাশের দোকানে যান চালক আশরাফুল ইসলাম। এই সুযোগে এক কিশোর ভ্যানটি চুরি করে পাশের সলপ বাজারে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়, ভ্যান চালক আশরাফুল বিষয়টি জানতে পেরে সলপ বাজারে গিয়ে স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চান। বিষয়টি তারা মীমাংসা করে দেন। 

এরপর ওই কিশোর তার সহযোগী আব্দুল মান্নান ও সাইফুল ইসলামকে নিয়ে ভ্যান চালক আশরাফুলকে হত্যার পরিকল্পনা করেন বলে মামলায় উল্লেখ করা হয়। 

পিপি বলেন, “পরিকল্পনা অনুযায়ী, তারা তিনজন কাজিপুরা যাওয়ার কথা বলে আশরাফুলের ভ্যান ভাড়ায় নেন। এরপর বেলকুচি-কামারখন্দ সড়কের পাশের একটি ক্ষেতের মধ্যে নিয়ে আশরাফুলকে শ্বাসরোধে ও পিটিয়ে হত্যার পর মরদেহ পানিতে ডুবিয়ে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যান।” 

এ ঘটনায় নিহত আশরাফুলের মামা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পিপি আরও বলেন, “এক আসামি কিশোর হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে মামলা চলমান রয়েছে। আরেক আসামি সাইফুল ইসলাম বিচার চলাকালে মারা গেছেন।” 

রায়ে আদালত আসামি আব্দুল মান্নান যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ ছাড়া একই মামলায় আরও দুইটি ধারায় দণ্ড হয়েছে। এর মধ্যে একটিতে সাত বছরের কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা, যা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড; আরেকটিতে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।