মাগুরায় নৌকার প্রচারে ক্রিকেট মাঠে জাতীয় দলের খেলোয়াড়রা
আট ওভারের ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়রা বিনা উইকেটে ১১১ রান করে বিজয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের প্রচারে অংশ নিতে গিয়ে ক্রিকেট খেলায় অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের এক ঝাঁক তারকা খেলোয়াড়।
শুক্রবার সকালে নোমানী ময়দান মাঠে এই খেলোয়াড়রা মাগুরা জেলা ক্রিকেটাস অ্যাসোসিয়েশনের টিমের সঙ্গে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় অংশ নিয়েছেন। আট ওভারের ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়রা বিনা উইকেটে ১১১ রান করে বিজয়ী হয়েছেন।
এ সময় সাকিব আল হাসান উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা উপভোগ করতে মাঠে নানা বয়সী ক্রিকেট ভক্তের উপস্থিত ছিল লক্ষণীয়। তাছাড়া স্থানীয় তরুণী ও কিশোরীরাও খেলা দেখতে মাঠে ভিড় করেন।
প্রীতি ক্রিকেট খেলায় অংশ নেন জাতীয় দলের নুরুল হাসান সোহান, নাজমুল অপু, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মমিনুল হক, সোহাগ গাজী, মুক্তার হোসেন, নাঈম ইসলাম, মিজানুর রহমান।
এসময় ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনও টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।
মাগুরা জেলার নন্দিত ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী বলেন, “বিজয়ের এ মাসে সাকিবের নির্বাচনি প্রচারে মাগুরা এসেছেন জাতীয় দলের কিছু নন্দিত ক্রিকেট খেলোয়াড়। তারা মাগুরায় আসাতে আমরা খুবই খুশি। তারা শহরের নোমানী ময়দানে প্রীতি ক্রিকেটে আমাদের সঙ্গে অংশ নেন।”
তিনি আরও বলেন, “মাগুরাবাসী সাকিবের জন্য গর্বিত। কারণ জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড় আজ মাগুরাবাসী দেখতে পেল। ভবিষ্যতে আমরা মাগুরা স্টেডিয়ামে বড় পরিসরে তাদের খেলা দেখতে চাই।”
খেলোয়াড় সাকিবকে বিজয়ী করতে নির্বাচনি প্রচারে কাজ করছেন জানিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা বলেন, ক্রিকেট নিয়ে মাগুরাতে সাকিবের অনেক ভাবনা রয়েছে। নির্বাচনে জয়ী হলে মাগুরাবাসী অনেক কিছু পাবে তার কাছ থেকে।
